পোরশায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু, আহত ১

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০২:৫৩ পিএম
পোরশায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু, আহত ১

নওগাঁর পোরশায় শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আব্দুল্লাহ (১০) নামে এক শিশু মারাগেছে। এ ঘটনায় রহিমা খাতুন (১৪) নামে আরও এক কন্যা শিশু আহত হয়েছে। ঘটনাটি ঘটে,  বুধবার দিবাগত রাতে উপজেলার পোরশা হাটখোলাপাড়া (ইটাপুকুর) গ্রামে। মৃতু শিশু আব্দুল্লাহ  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আব্দুল আহাদের ছেলে। তার বাবা একজন সৌদি প্রবাসী। সে দীর্ঘদিন ধরে হাটখোলাপাড়া গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে আসছিল। আহত রহিমা খাতুন হাটখোলাপাড়া(ইটাপুকুর) গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং মৃত আব্দুল্লাহর আপন খালাতো বোন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে আব্দুল্লাহ ও রহিমা ঘুমিয়ে ছিল। রাতে একটি বিষধর সাপ তাদের স্বয়ং কক্ষে  প্রবেশ  করে তাদের কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, শিশু আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। আর রহিমা শারীরিকভাবে সুস্থ আছেন। তবে আতঙ্কে সে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে । প্রয়োজন হলে এন্টিভেনিয়াম দেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে