ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৩:১১ পিএম
ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সুদিপ্তা সরকার এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফ, রাকিব ও সিয়াম। এই মামলায় অপ্রাপ্তবয়সী অপর আসামি মারুফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে শিশু নিছামনিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনে ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে উভয় পক্ষের শুনানী শেষে ঘটনার ২৫ দিনের মধ্যে আদালত তিনজন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন নিছামনির বাবা-মা। তারা এই রায় কার্যকর করতে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানান। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুল করিম চৌধুরী। তবে রায়ে অসন্তোষ করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার।

এই রায়ে  সন্তুষ্ট প্রকাশ করে নিছামনির মা জানান, এই রায় দ্রুত কার্যকর হলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে। আমার মতো আর কোন মায়ের বুক যেন খালি না হয়। বাবা তাজু মিয়া জানান, আমার মেয়ের বয়স ৪ বছর ৭ মাস এই বয়সের একটি মেয়ে ধর্ষন করে হত্যার পর পানিতে ফেলে দেয়। এই ঘটনা যেই শুনেছে সেই কান্না করেছে। আমি দেশ বাসীর কাছে কৃতজ্ঞতা জানাই এবং সরকার যেন এই রায় দ্রুত কার্যকর হয় তার দাবি জানাই।

আপনার জেলার সংবাদ পড়তে