আর কাঁচা ফুলের তোড়া নয়

সৈয়দপুরে ব্যতিক্রমী উপহার টাকার তোড়া

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৯ জুলাই, ২০২৬, ০৫:৩৬ পিএম | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ০৫:৩৬ পিএম
সৈয়দপুরে ব্যতিক্রমী উপহার টাকার তোড়া

জন্মদিন, বিয়ে, বাগদান, সংবর্ধনা কিংবা বিশেষ কোনো অর্জনের মুহূর্তে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে এতদিন ফুলের তোড়াই ছিল সবচেয়ে জনপ্রিয় উপহার। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে উপহার দেওয়ার ধরন। আর কাঁচা ফুলের তোড়া নয়, সৈয়দপুর নওশাদ ফুল বিতানে এখন তৈরি হচ্ছে টাকা দিয়ে আকর্ষণীয় ফুলের তোড়া, যা ইতোমধ্যে উপহারপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

সৈয়দপুর শহরের পরিচিত প্রতিষ্ঠান নওশাদ ফুল বিতান প্রথমবারের মতো গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন মূল্যের নোট দিয়ে দৃষ্টিনন্দন টাকার তোড়া তৈরি করছে। নান্দনিক ডিজাইন, রঙিন মোড়ক ও কৃত্রিম ফুলের সমন্বয়ে তৈরি এসব তোড়া এখন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিশেষ আয়োজনে ভিন্নমাত্রার আকর্ষণ হয়ে উঠেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকের বাজেট ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট ব্যবহার করে টাকার তোড়া তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে  বেশ কয়েকটি তোড়া বিক্রি করা হয়েছে। সেগুলো ছিল দশ টাকার নোট দিয়ে তৈরি। একটি তোড়া তৈরি করতে এক হাজার পাঁচ শত টাকা লেগেছে। আর বিক্রি করেছি মজুরিসহ দুই হাজার দুইশো টাকায়। 

তবে বেশি মুল্যমানের টাকা দিয়ে তৈরি করতে বেশী দাম পড়বে। তাছাড়া টাকার তোড়া সাধারণত অর্ডার থাকলে তৈরি করা হয়। কেউ চাইলে নিজের দেওয়া টাকা দিয়েও তোড়া বানিয়ে নিতে পারেন। ফলে উপহারটি যেমন দৃষ্টিনন্দন, তেমনি ব্যবহারিকও। সম্প্রতি সৈয়দপুরে কয়েকটি বিয়ে, জন্মদিন ও সংবর্ধনা অনুষ্ঠানে টাকার তোড়া উপহার দেওয়ার প্রবণতা দেখা গেছে। অনেকেই বলছেন, সাধারণ ফুল কয়েক ঘণ্টার মধ্যেই শুকিয়ে যায়, কিন্তু টাকার তোড়া স্মরণীয় হওয়ার পাশাপাশি উপহার গ্রহণকারীরও কাজে আসে।

নওশাদ ফুল বিতানের স্বত্বাধিকারী জানান, নতুনত্বের খোঁজে থাকা গ্রাহকদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া যাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে টাকার তোড়ার অর্ডার আসছে এবং তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষও এ ধরনের উপহারকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, সময়ের সঙ্গে উপহারের ধরন বদলাচ্ছে। সেই পরিবর্তনের ধারায় সৈয়দপুরেও টাকার তোড়া নতুন একটি ট্রেন্ড হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। এতে স্থানীয় ফুল ব্যবসায়ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগে ঐতিহ্যবাহী ফুলের সৌন্দর্য ও আর্থিক উপহারের ব্যবহারিক দিক - দুইয়ের সমন্বয় ঘটেছে। ফলে বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে সৈয়দপুরে টাকার তোড়ার চাহিদা দিন দিন বাড়ছে।

আপনার জেলার সংবাদ পড়তে