পাইকগাছায় চুরি-ছিনতাই আতঙ্ক

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০২:২৯ পিএম
পাইকগাছায় চুরি-ছিনতাই আতঙ্ক

খুলনার পাইকগাছায় চুরি ছিনতাই ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত ‘মা স্টোর’ নামের একটি ফাস্টফুড ও মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দোকান মালিক মোঃ আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে দোকান খুলতে এসে দেখেন, দোকানের চালের টিন কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে। পরে ক্যাশবাক্স ভেঙে সেখানে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং প্রায় ২০ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। ঘটনার পর স্থানীয় লোকজনকে বিষয়টি দেখানো হয় এবং পরে পাইকগাছা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ/সাধারণ ডায়েরির আবেদন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, “এটি আমার দীর্ঘদিনের কষ্টার্জিত ব্যবসার মূলধন। এক রাতেই সব শেষ হয়ে গেল। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে পাইকগাছায় চুরি ও ছিনতাই ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রায় প্রতি দিন রাতেই কোথাও না কোথাও চুরি ছিনতাই এর খবর মিলছে। ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা রাতের টহল জোরদার, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং চোরচক্রকে দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে