ট্রাকচালক ও মোটরসাইকেল আরোহী জখম

কোটচাঁদপুর পুলিশ বক্সের সামনেই দুঃসাহসিক ডাকাতি

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৩:৩৮ পিএম
কোটচাঁদপুর পুলিশ বক্সের সামনেই দুঃসাহসিক ডাকাতি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর সড়কের বেলে মাঠ এলাকায় পুলিশ বক্সের সামনেই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত  ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় দুটি ট্রাক ও একটি মোটরসাইকেলের আরোহীদের কাছ থেকে নগদ টাকা লুট করে ডাকাতরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে অন্তত দুইজন জখম হন।

স্থানীয়দের অভিযোগ, কোটচাঁদপুরু-সাফদারপুর সড়কে প্রতি মাসেই দুই থেকে তিনটি ডাকাতির ঘটনা ঘটে । তারপরও পুলিশ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ সকল অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে দিন দিন। রাতের বেলায় পুলিশ বক্সে সদস্য না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তারা। ভুক্তভোগী ট্রাকচালক উপজেলার সাফদারপুর গ্রামের মানিক হোসেন (২৫) জানান, তিনি ট্রাক নিয়ে কোটচাঁদপুর থেকে সাফদারপুর যাচ্ছিলেন। বেলেমাঠ এলাকায় পুলিশ বক্সের সামনে পৌঁছালে দেখেন, ডাকাতরা রাস্তার ওপর খেজুর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করেছে। বাধ্য হয়ে ট্রাক থামাতেই সংঘবদ্ধ ডাকাতদল তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। একই ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী জহির হোসেন (৪৬) ও মমিনুর রহমান (৪৩) জানান, তারা কর্মস্থল মেহেরপুর  গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শেষে একই মোটরসাইকেলে কোটচাঁদপুর শহরের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একই স্থানে ডাকাতদের কবলে পড়ে তাদের কাছে থাকা প্রায় ২৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ডাকাতরা তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

ঘটনার পর আহতদের কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে রাতেই কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সায়েম ই্উসুফ এবং কোটচাঁদপুর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারউল্লা (ওসি তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার বেলা ১২টা) কেউ অভিযোগ করতে অসেননি বলে জানান দায়িত্বপ্রাপ্ত ওসি। তিনি বলেন, তারপরও ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে, ধারাবাহিক ডাকাতির ঘটনায় সড়কটিতে চলাচলকারী চালক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতে পুলিশি টহল জোরদার, পুলিশ বক্সে নিয়মিত সদস্য মোতায়েন  এবং দ্রুত ডাকাত চক্রকে সনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে