আজ রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৯:১৬ পিএম
আজ রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশ

গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিত  আজ শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশে ২ লাখ লোকসমাবেশের টার্গেট নিয়েছে আয়োজকরা। 

শুক্রবার (১০ জুলাই) বিকেলে সমাবেশের সার্বিক বিষয় নিয়ে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

সংবাদ সম্মেলনে মাওলানা হালিম বলেন, সমাবেশে রংপুর বিভাগের আট জেলা থেকে ২ লাখ নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ যোগ দিবেন। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশস্থ জেলা স্কুল মাঠে মঞ্চ প্রস্তুত। পুরো নগরীজুড়ে গেট, ব্যানার, ফেস্টুন সাটানো হয়েছে। চলছে মাইকিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সরব প্রচারনা। পুরো নগরীতে ২৬০ টি মাইক সাটানো হয়েছে।  

মাওলানা আব্দুল হালিম জানান, নগরীতে যানজট তৈরি না করে শৃঙখলিতভাবে লোজজন আসা এবং যানাবহানের জন্য নির্ধারিত রুট তৈরি করা হয়েছে। গাইবান্ধা, পীরগঞ্জ ও মিঠাপুকুর থেকে আসা যানবহান মডাণ মোড় লালবাগ হয়ে কেরামতিয়া উচ্চবিদ্যালয় ও ঈদগাহ মাঠে;  মিঠাপুকুরের একাংশ মডার্ন মোড় লালবাগ হয়ে আদর্শস্কুল মাঠে; দিনাজপুর, বদর ও সদরের  একাংশ টার্মিনাল আরকে রোড হয়ে টিসার্স ট্রেনিং কলেজ মাঠ; নীলফামারী, দিনাজপুরের একাংশ, ঠাকুরগাঁও ও তারাগঞ্জের জিয়া হোস্টেল মাঠে;গঙ্গাচড়া, বুড়িরহাট ও লালমনিরহাটের একাংশ  মেডিকেল পূর্বগেটের গনপূর্ত স্টাফ কোয়ার্টার মাঠে এবং পীরগাছা , কাউনিয়া, লালনিরহাট একাংশ ও কুড়িগ্রাম থেকে আসা যানবাহন সাতমাথা দিয়ে পলিটেকনিক্যাল মাঠে পার্কিং করবে। সেখান থেকে মিছিল নিয়ে জেলা স্কুল মাঠে সমাবেশস্থলে যাবে। 

মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে এসে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার পরে রংপুরের সমাবেশে যোগ দিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন চেয়ে অনুরো করেছিলেন। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে সরকার গণভোট-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করেছে। এতে নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা, এটি উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ দাবিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। সংসদেও প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রকল্পটি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দিয়েছেন। তবে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সেকারনে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সমাবেশ থেকে সরকারকে মানুষের হতাশা ও ক্ষোভের কথা তুলে ধরা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী,সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সদস্যসচিব কে এম আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্যসচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সভাপতি ইব্রাহিম খলিল, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মাহবুবার রহমান মাহবুব, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সভাপতি শামসুদ্দিন রাজা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ এম. শরিফুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে