রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭১, দায়ের হলো ৪৯ মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৪:০৯ পিএম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭১, দায়ের হলো ৪৯ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানের সময় মাদক, দেশীয় অস্ত্র ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলাও দায়ের করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫৩ জন, লালবাগ বিভাগ থেকে ২৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৯ জন, তেজগাঁও ও মিরপুর বিভাগ থেকে ৭৮ জন করে, গুলশান ও উত্তরা বিভাগ থেকে ৪৩ জন করে এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা, ৬ ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুটি চাপাতি, একটি হাসুয়া, একটি কাটার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল ফোন, দুটি টেলিভিশন, একটি মাইক্রোওয়েভ ও নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে