দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭০২ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জন।
শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র প্রকাশিত বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জুলাই সকাল ৮টা থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া তিনজনের মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছেন। জেলাভিত্তিক হিসাবে ঢাকা, সুনামগঞ্জ ও নোয়াখালী জেলায় একজন করে মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ জনে। এর মধ্যে ল্যাবরেটরি ও চিকিৎসাগতভাবে নিশ্চিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৪১০। এ সময়ে নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৬০ জন।
হাসপাতালভিত্তিক পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬০ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫২৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৩ হাজার ৪৯১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭৬২ জন।
বিভাগভিত্তিক চিত্রে দেখা যায়, সবচেয়ে বেশি সংক্রমণ ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ৫০ হাজার ১৯৬ এবং নিশ্চিত রোগী ৮ হাজার ৬৮৮ জন। এখানে সন্দেহজনক হামে ২৮৫ জন এবং নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে সন্দেহজনক রোগী ১৯ হাজার ৪৭০ জন এবং নিশ্চিত রোগী ১ হাজার ৫১৩ জন। এ বিভাগে নিশ্চিত হামে ১০ জন এবং সন্দেহজনকভাবে ৫৪ জনের মৃত্যুর তথ্য রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে হাম পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।