ডেঙ্গুতে মৃত্যু নেই, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৫৮

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৬:১৯ পিএম
ডেঙ্গুতে মৃত্যু নেই, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৫৮
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ১৫৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৩ জনে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫২ জন ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।

অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত মোট ৭ হাজার ২৯১ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে এ রোগে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রেস বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক বছরগুলোর চিত্রও তুলে ধরা হয়েছে। ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে