প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নীলফামারী জেলার দুই কৃতী শিক্ষক। তারা হলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান বাদল। তিনি কাব ক্যাটাগরিতে সেরা হয়েছেন। অপরদিকে কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন। তিনি প্রধান শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
জাতীয় পর্যায়ে এ সম্মান অর্জনের খবরে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলাসহ নীলফামারী জেলাজুড়ে শিক্ষা অঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সহকর্মী শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের মানুষ তাদের এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।
জানা গেছে,দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান উন্নয়ন,শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ,বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন দুই শিক্ষক। তাদের কর্মনিষ্ঠা,উদ্ভাবনী উদ্যোগ এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষা কার্যক্রম জাতীয় পর্যায়ে মূল্যায়িত হয়েছে।
শিক্ষাবিদরা বলছেন, জাতীয় পর্যায়ে নীলফামারীর দুই শিক্ষকের এ স্বীকৃতি জেলার জন্য যেমন গৌরবের, তেমনি দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্যও একটি ইতিবাচক বার্তা। তাদের এ সাফল্য নতুন প্রজন্মের শিক্ষকদের আরও নিষ্ঠা ও উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। উল্লেখ্য আগে ওই দুই শিক্ষক উপজেলা ও জেলা পর্যায়ে অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।