গাংনীতে

মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ১২ জুলাই, ২০২৬, ১২:৪৮ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ১২:২৭ পিএম
মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরের গাংনীতে  মোটরসাইকেল ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হাশেম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে গাংনীর ঝিনেরপুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছে আরও দুজন।  নিহত আবুল হাশেম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে।আবুল হাশেম গাংনী পৌর এলাকার ঝিনিরপুল পাড়ায়  দ্বিতীয় স্ত্রীর সাথে বসবাস করতেন।

আহতরা হলেন- মোটরসাইকেল চালক উপজেলার   গরীবপুর গ্রামের রন্জিত হোসেনের ছেলে মোঃ  আব্দুল্লাহ (২০)।এবং পাখিভ্যান চালক ও গাংনীর  শিশিরপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৪০)। নিহতের ভাগ্নে বাবু হোসেন জানান,আমার মামা আবুল হাশেম প্যারালাইসিস রোগী।পাখিভ্যানে রাতে ওষুধ কেনার জন্য বাজারের যাচ্ছিলেন।এসময় ঝিনেরপুল এলাকায় পৌঁছালে হঠাৎ এক কিশোর পাকা সড়ক পার হতে যায়। তাকে বাঁচাতে গিয়ে পাখিভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে চলে যায়।এ সময় একটি দ্রুতগতির  মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানকে ধাক্কা দেয়।পাখি ভ্যান যাত্রী নিয়ে পাকা সড়কে ছিটকে পড়ে।এতে তিনজন গুরুতর আহত হলে তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আবুল হাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।হাসপাতালে নেয়ার  পথে খলিশাকুন্ডি নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।আর  আবুল হাশেমের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সব তথ্য নেয়া হয়েছে।আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে