প্রধানমন্ত্রীর সফরকে ঘিয়ে উন্নয়ন প্রতিশ্রুতির অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১২ জুলাই, ২০২৬, ১২:৩১ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ১২:৩১ পিএম
প্রধানমন্ত্রীর সফরকে ঘিয়ে উন্নয়ন প্রতিশ্রুতির অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার তার এই সফরকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি উন্নয়ন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণার আশায় দিন গুনছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা। সফরসূচি অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ করবেন। এরপর বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সাংগঠনিক সভা করবেন। এছাড়াও শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সাথে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় অংশ নেয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বরিশালবাসীর প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়নের দাবিগুলো। বিশেষ করে প্রধান দাবির মধ্যে রয়েছে, ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ। পাশাপাশি বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস বা ঘোষণা শুনতে আগ্রহী হয়ে রয়েছেন গোটা দক্ষিণাঞ্চলবাসী।

স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন, কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, বরিশাল জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সফর নির্বিঘ্ন ও সফল করতে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রচার কর্মসূচি পালন করছেন। দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সচেতন বরিশালবাসীর মতে, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের এটি বরিশালে প্রথম সফর হওয়ায় এর রাজনৈতিক ও উন্নয়নমূলক গুরুত্ব অনেক বেশি। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত প্রকল্পগুলোর বিষয়ে যদি সুস্পষ্ট দিকনির্দেশনা বা প্রতিশ্রুতি আসে, তবে তা এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আগামী সোমবারের সফর ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলের মানুষের দৃষ্টি এখন প্রধানমন্ত্রীর ঘোষণার দিকে।

আপনার জেলার সংবাদ পড়তে