আম চুরি হত্যাকাণ্ডে মূলহোতাসহ গ্রেপ্তার ২

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৩:৩৭ পিএম
আম চুরি হত্যাকাণ্ডে মূলহোতাসহ গ্রেপ্তার ২

রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে আম চুরিকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূলহোতাসহ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১১ জুলাই) রাতে ঢাকার আদাবর ও শ্যামলী এলাকায় পৃথক অভিযানে র‌্যাব-৫, সদর কোম্পানি রাজশাহী এবং র‌্যাব-২ সিপিএসসি, মোহাম্মদপুরের যৌথ দল তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ১ নম্বর আসামি মকবুল হোসেন এবং ২ নম্বর আসামি শাহিনুর রহমান ওরফে বুলবুল। তাদের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপাড়া গ্রামে।

র‌্যাব জানায়, গত ২৭ জুন সন্ধ্যায় বাদী রাজুর পরিবারের আম চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক ও তার স্বজনদের ওপর হামলা চালানো হয়। বাঁশের লাঠি ও ইট দিয়ে মারধরে গুরুতর আহত হন রাজ্জাক। পরে তাকে নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে রাজু বাদী হয়ে মোহনপুর থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি করে। র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।