মিছিল নিয়ে প্রকাশ্যে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ তিনদিনে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন-মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াসমিন বেগম এবং তদন্তে প্রাপ্ত আসামি হাসিনা বেগম। হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই চারজনকে গ্রেপ্তার করেছে। পরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি পুলিশ দল তাদের ডিবির হেফাজত থেকে গ্রহণ করে আগৈলঝাড়ায় নিয়ে আসে। রবিবার (১২ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত চার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, মামলায় এজাহারভুক্ত ও তদন্তে শনাক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।