সুনামগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, ) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৭:৩৭ পিএম
সুনামগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা

সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ার। সভা সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী ফজলুল করিম সাঈদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর মাহবুবুল হাসান শাহীন, নারী অ্যাম্বাসেডর শাহিনা চৌধুরী রুবি এবং পিস অ্যাম্বাসেডর সালেহীন চৌধুরী শুভসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ, সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সমস্যার সমাধানে পিএফজি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও নতুন নতুন কর্মসূচির মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সদস্যরা আলোচনার মাধ্যমে পিএফজির স্ব-মূল্যায়ন করেন। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয়, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্প আগামী জানুয়ারি মাস থেকে পিএফজির সঙ্গে কাজ না করলেও সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য অক্ষুণ্ন রেখে প্রয়োজনে নতুন নামে কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করা ব্যক্তি ও সংগঠনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভায় বক্তব্য দেন জেলা কৃষক দলের সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান রাসেল, সুনামগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, সাবেক ইউপি সদস্য প্রতিমা রাণী দাস, ইমাম-মোয়াজ্জিন পরিষদের সদস্য মাওলানা ফয়জুন নুর ফয়েজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিটু বড়ুয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, গণিপাড়া মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রিনা আক্তার, সৃষ্টি যুবজাগরণ সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রোশনা, শাহজালাল যুব মহিলা সংস্থার সভাপতি মাসুমা খাতুন, দৈনিক আমার দেশ-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বাসসের জেলা প্রতিনিধি আমিনুল হক এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাসসহ অন্যান্য সদস্যরা।  সভায় আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় সদস্যরা নিজেদের উদ্যোগে আগস্ট মাসে একটি নৌকা ভ্রমণের আয়োজন করার সিদ্ধান্ত নেন, যা সদস্যদের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে বলে মত প্রকাশ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে