ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের ফটোয়ার টেক এলাকায় শিলা নদীতে দুইদিন ধরে ভেসে থাকা অজ্ঞাতনামা (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। রোববার (১২ জুলাই) বিকেলে পাগলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরিচয় সনাক্ত চেষ্টা চলছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তির লাশটি শনিবার দিন থেকে শিলা নদীতে ভাসছিল। ফটোয়ার টেক এলাকার লোকজন শিলা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে আজ রোববার বিকাল তিনটায় দিকে প্রচন্ড বৃষ্টির উপেক্ষা করে ওসি মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে কে বা কারা অন্যত্র হত্যা করে অজ্ঞত পরিচয় ব্যক্তির লাশ শিলা নদীতে ফেলে রাখে।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা লাশটি ১০/১২ দিনের হবে। ইতোমধ্যে লাশের পচন ধরেছে। আইনী প্রত্রিুয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, শিলা নদীতে লাশ ভেসে থাকার খবর পেয়ে পুলিশসহ আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তবে লাশের পচন ধরেছে।
তিনি আরও বলেন, অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।