মাদক ছেড়ে মাঠে চলো

কলারোয়ায় কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৬, ০৮:২৯ পিএম
কলারোয়ায় কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল"-এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নে যুব সমাজের সুস্থ বিনোদন ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সকালে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার সংলগ্ন চৌধুরীপাড়া এলাকায় স্থানীয় কিশোর ও যুবকদের হাতে ফুটবল তুলে দেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি গাজী শফিউল আলম শফি। ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় তরুণ ও কিশোররা এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের খেলার মাঠে ফেরানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এলাকাবাসীর প্রত্যাশা, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে। এ সময় স্থানীয়রা চন্দনপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি গাজী শফিউল আলম শফির এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, শফির নেতৃত্বে ইউনিয়নটি অচিরেই মাদকমুক্ত হবে এবং তরুণ প্রজন্মের জন্য একটি সুস্থ ক্রীড়া পরিবেশ তৈরি হবে।

উপস্থিত যুবকরা জানান, মাঠে নিয়মিত খেলাধুলার সুযোগ থাকলে তরুণরা ভুল পথে যাওয়ার সুযোগ পাবে না। এই উদ্যোগের মাধ্যমে এলাকার ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে বলে তারা মনে করছেন। এই উদ্যোগের ফলে অত্র এলাকায় খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

আপনার জেলার সংবাদ পড়তে