বন্যাদুর্গতদের থেকে চলতি মাসের ঋণের কিস্তি আদায় না করার অনুরোধ প্রতিমন্ত্রীর

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ১১:১৮ এএম
বন্যাদুর্গতদের থেকে চলতি মাসের ঋণের কিস্তি আদায় না করার অনুরোধ প্রতিমন্ত্রীর

রাঙামাটির  বন্যাকবলিত এলাকার অতিদরিদ্র ঋণগ্রহীতাদের কাছ থেকে চলতি মাসের ঋণের কিস্তি আদায় না করার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।  কিস্তি পরিশোধে বিলম্বের কারণে কোনো ধরনের অতিরিক্ত সুদ বা জরিমানা না নিতে সংশ্লিষ্ট এনজিওগুলোকে অনুরোধ করার জন্য রাঙামাটি জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফীকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। রোববার রাঙামাটি পার্বত্য জেলার দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে রাঙামাটি এলাকার এনজিওদের প্রতি তিনি তার অনুরোধের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, অত্র এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের অনেকেই বিভিন্ন কারণে এনজিও থেকে ঋণ নিয়েছেন। বন্যাকবলিত এইসব ঋণগ্ৰস্থ মানুষের পক্ষে এই মাসের কিস্তি প্রদান করা দূরহ। যে কারণে এই মাসের কিস্তি পরবর্তীতে গ্ৰহণ করা এবং এই বিলম্বের জন্য কোন প্রকার জরিমানা বা সুদ আরোপ না করার বিষয়টি তিনি বৈঠকে উল্লেখ করেন বলে সাংবাদিকদের জানান। জেলা প্রশাসক রাঙামাটি এলাকার এনজিও কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ পৌঁছে দেবেন।

রাঙামাটির বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে বৈঠকের সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান এম পি, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য যুগ্মসচিব সুমন বড়ুয়া, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দীন প্রমুখ। বিকেলে  বিদুৎ প্রতিমন্ত্রী রাঙামাটি পৌঁছে ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুলে আশ্রয় নেয়া বন্যার্তদের খাদ্য, চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং অভাব অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তিনি বলেন, আপনাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আপনাদের পুনর্বাসনের জন্য সরকার পরিকল্পনা মাফিক কাজ করবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাস্তহারাদের বিকল্প জমিতে ঘর করে দিতে  চান প্রধানমন্ত্রী। #

আপনার জেলার সংবাদ পড়তে