উন্নয়ন প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৪ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম
উন্নয়ন প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের জন্য কাজ করতে হবে। আমরা শুধু প্রতিশ্রুতি দিয়ে নয় বাস্তব উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই আমাদের প্রধান লক্ষ্য।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বরিশাল মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেছেন, ত্যাগী নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে কোনো অনুপ্রবেশকারী বা বিতর্কিত ব্যক্তি যাতে দলে স্থান না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলকে আরও শক্তিশালী ও জনমুখী করতে নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে।

তিনি বলেন, আমরা অবাস্তব প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। কাজের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করাই আমাদের লক্ষ্য। দেশের উন্নয়ন পরিকল্পনায় কোনো অঞ্চলকে অবহেলা করা হবে না। বরিশালসহ দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

সভায় বরিশালবাসীর পক্ষ থেকে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, বরিশালে রেললাইন স্থাপন এবং ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবি তুলে ধরা হয়। এসব বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বলেন, জনগণের প্রয়োজন বিবেচনায় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীর ১৪টি খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, ফুটওভার ব্রিজ নির্মাণ এবং ৩০টি ওয়ার্ডের সমন্বিত উন্নয়ন পরিকল্পনার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, খালগুলো পুনরুদ্ধার করা গেলে নগরীর পরিবেশ, সৌন্দর্য ও নাগরিক সুবিধার ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে।

সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নৌ-প্রতিমন্ত্রী রাজিব আহসান, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে