জয়পুরহাটের ক্ষেতলালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সুলতান আহম্মেদ তানভীর নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ৩টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তানভীর উপজেলার বড়াইল ইউনিয়নের বজরবরাহী গ্রামের তারেক সাখিদারের ছেলে। গত মঙ্গলবার বাদ এশা পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে শিশু তানভীরের শরীরে তীব্র জ্বর ও লালচে র্যাশ (গোটা) দেখা দেয়। প্রথমে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে গত শনিবার (১১ জুলাই) তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের শিশু ইউনিটে ভর্তি করা হয়। তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (১৪ জুলাই) মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তানভীরের উপসর্গ দেখে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিকভাবে হামের লক্ষণ ধারণা করে চিকিৎসা শুরু করেছিলেন। এ বিষয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক সরদার বলেন, হাসপাতালে আনার পর শিশুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল। তার শরীরে হামের মতো কিছু উপসর্গ দেখা গেলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়নি। চিকিৎসকদের ধারণা, তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।