সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জনের নিয়োগ

‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে কর্মচারীদের মানববন্ধন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৮:০৪ পিএম
‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে কর্মচারীদের মানববন্ধন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৪ জন কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা। সমাবেশে অংশ নেওয়া কর্মচারীরা দাবি করেন, সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে দরপত্রের (টেন্ডার) মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে তাঁরা এই নিয়োগ পেয়েছেন। কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়াই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কাজে যোগদানের অনুমতি দিয়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে নবনিযুক্ত কর্মচারী শেখ সুমন, আরিফ হোসেন ও সালমা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়োগপ্রাপ্ত ৫৪ জনের মধ্যে ৩৫ জনই গত ১০ থেকে ১১ বছর ধরে এই হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে বিনা পারিশ্রমিকে সেবা দিয়ে আসছিলেন। তাঁদের মধ্যে ‘জুলাই বিপ্লবের’ সক্রিয় যোদ্ধারাও রয়েছেন।

দীর্ঘ এক দশক অবদানের পর চাকরি পাওয়ার পর এখন একটি মহল এই নিয়োগকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাঁরা। বক্তারা বলেন, "আমরা ১০ বছর ধরে ফ্রি সার্ভিস দিয়ে আজ নিয়োগ পেয়েছি। কোনো আর্থিক সুবিধা না দিয়েও কেন আমাদের নিয়োগকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? নামমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমাদের রুটি-রুজির ওপর আঘাত হানার চেষ্টা করা হচ্ছে।" কর্মচারীরা স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ করেন, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পেরে এই নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারীরা যদি অবিলম্বে এই অপপ্রচার বন্ধ না করে, তবে ৫৪ জন কর্মচারী তাঁদের অধিকার রক্ষায় কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। হাসপাতাল চত্বরে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে হাসপাতালের নবনিযুক্ত সব আউটসোর্সিং কর্মচারী অংশ নেন এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে