গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি-চানপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ৬টি মরদেহ চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার (১৫ জুলাই) গভীর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের কোন এক সময় উপজেলার টেকিবাড়ি চানপুর গ্রামের কেন্দ্রীয় কবরস্থান খুঁড়ে ৬ টি মরদেহ চুরি হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও কালিয়াকৈর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন, মরদেহ উদ্ধারের চেষ্টা ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান মিন্টু বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, "অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"