সুজানগরে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১১

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৪:৪৪ পিএম
সুজানগরে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১১

পাবনার সুজানগরের মথুরাপুরে গ্রামবাসীর হামলায় সুজানগর থানার ওসি আহত ও পুলিশ পিকআপ ভাংচুরের মামলায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন মহিলাসহ ১১জনকে গ্রেফতার করেছে সুজানগর থানা ও পাবনা ডিবি পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে ওই অভিযান পরিচালিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মথুরাপুর গ্রামের পূর্বপাড়ার লোকজন গত বৃহস্পতিবার ভোর রাতে বড় পর্দায় বিশ্বকাপ (আর্জেন্টিনা-ইংল্যান্ড) ফুটবল খেলা দেখা শেষে প্রীতিভোজ করছিল। এ সময় সুজানগর থানা পুলিশ ওই খেলা দেখার আসরে অভিযান চালিয়ে ৮/১০জনকে আটক করে। খেলার আসরে উপস্থিত অন্যান্য লোকজন আটককৃতদের নিরপরাধ দাবি করে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানান। কিন্তু পুলিশ তাদের ছেড়ে দেয়না। এক পর্যায়ে আটককৃতদের ছাড়িয়ে নিতে ওই গ্রামের একাধিক মসজিদে মাইকিং করা হয়। এসময় শত শত গ্রামবাসী ছুটে এসে পুলিশের উপর হামলা চালিয়ে আটককৃতদের ছাড়িয়ে নেয়। হামলায় সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন আহত হওয়া ছাড়াও পুলিশ পিকআপ ভাংচুর হয়। আহত ওসি মোজাফফর হোসেনকে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ লালবুর রহমান জানান, ওই ঘটনায় পরেরদিন সন্ত্রাস প্রতিরোধ আইনে একটি এবং পুলিশ আহত ও পুলিশ পিকআপ ভাংচুরের অপরাধে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলায় শতাধিক এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাত নামা আসামী রয়েছে। তিনি আরো জানান, মামলা দু’টি সুজানগর থানায় দায়ের হলেও এর তদন্তভার দেওয়া হয়েছে পাবনা ডিবি পুলিশকে। ডিবি পুলিশের এসআই ইমতিয়াজ হোসেন জানান, গতকাল শনিবার ভোররাতে পাবনা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নেতৃতে মথুরাপুর গ্রামে চিরুনি অভিযান পরিচালিত হয়। অভিযানে আফরোজা পারভীন শিখা নামে একজন মহিলাসহ মোট ১১জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত শিখা  মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা যায়। এদিকে একযোগে প্রশাসনের ১৭টি গাড়ী চিরুনি অভিযান পরিচালনা করার ঘটনায় আতঙ্কে মথুরাপুর গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। অনেক বাড়িতে মহিলারা পর্যন্ত ঘরে তালা দিয়ে গ-ঢাকা দিয়েছে। বিশেষ করে উক্ত শিখা গ্রেফতার হওয়ায় মহিলারা পর্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে