সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (১৮ জুলাই) রায়গঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দিনব্যাপী এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রয়াত নেতা আব্দুল মান্নান তালুকদারের পুত্র ও জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন। বক্তারা আব্দুল মান্নান তালুকদারের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তাঁর আদর্শ, সততা ও রাজনৈতিক অবদান দলীয় নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে আব্দুল মান্নান তালুকদারের আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সভা শেষে প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আব্দুল মান্নান তালুকদার ১৮ জুলাই ২০২৫ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল, ওলামা দল ও জাসাসের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।