শিবচরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই: এমপি জেরিন

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৯:১৬ পিএম
শিবচরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই: এমপি জেরিন

মাদারীপুর-১, মাদারীপুর-২ এবং ফরিদপুর-১ (দায়িত্বপ্রাপ্ত) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানকে শিবচরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে শিবচর পৌর বিএনপির উদ্যোগে পৌর অডিটোরিয়ামে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, আমি শিবচরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিতে চাই।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে শিবচরের মানুষের সেবা করার দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে পর্যায়ক্রমে শিবচরের কাঁচা সড়ক পাকাকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কাজ করব। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাব। শিবচর পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জমিলুর রহমান মিঠু, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান (বাকা খাঁ) ও হান্নান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ এবং উপজেলা মহিলাদলের আহ্বায়ক সুহাদা আক্তারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে