নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম এদেশে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। এরই অংশ হিসেবে তিনি সারাদেশে খাল খনন ও বৃক্ষরোপণ শুরু করেন। শহীদ জিয়ার কালজয়ী সে কর্মসূচির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করছেন দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যেই সারাদেশে তা বাস্তবায়ন শুরু হয়েছে। সারাবিশ্বে জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
রোববার (১৯ জুলাই) বেলা ১১ টায় এমপি জাহিদুল ইসলাম ধলু তার নির্বাচনী এলাকা নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর ব্রিজের পূর্বপাশে ফতেপুর হতে হাঁপানিয়া পর্যন্ত সদ্য খনন করা সাত কিলোমিটার খালের দুধারে বৃক্ষরোপণ উদ্বোধন উপলক্ষে গোবিন্দপুরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা স্বেচ্ছাশ্রমে এই খালের দুধারে মোট ১৪ হাজার বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী সাংবাদিক মাহমুদুন নবী বেলাল সভাপতিত্ব করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, বক্তারপুর ইউপি চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় উপকারভোগী জনতা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাহমুদুন নবী বেলাল বলেন, খালের দুই পাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ করা হবে। এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার জন্য স্থানীয় সামাজিক বনায়ন কমিটির সদস্য ও উপকারভোগীদের প্রতি আহ্বান জানান তিনি।