আগামী ২১ জুলাই নীলফামারীতে অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভা সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এর অংশ হিসেবে দলের জেলা আহ্বায়ক আব্দুল মজিদের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। রবিবার নীলফামারী শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পথসভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণকালে জেলা আহ্বায়ক আব্দুল মজিদ বলেন, আগামী ২১ জুলাইয়ের পথসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। গণমানুষের প্রত্যাশা ও দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে দলের অবস্থান তুলে ধরতেই এ পথসভার আয়োজন করা হয়। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পথসভা সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, পথসভাকে সফল করতে জেলার বিভিন্ন উপজেলায় প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে। দলীয় সূত্র জানায়, ২১ জুলাই নীলফামারী শহরে অনুষ্ঠিতব্য পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।