স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, আমাদের বিএনপি বা জামায়াতের নেতাকর্মীর কোনো অন্যায় আবদার আপনারা রাখবেন না। যেটা নিয়মের মধ্যে পড়বে আপনারা সেটাই করবেন। আজ সোমবার (২০ জুলাই) বেলা ১১ টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি রুমা আরো বলেন, ইদানিং এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ফেসবুকে দেখতে পাচ্ছি। সরকার গঠনের মাত্র ৪ মাস। এখনি তারা প্রকাশ্যে আসছেন, ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।এটা সুখকর নয়।
তিনি বলেন, যারা বিগত দিনে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণের ওপর অনেক অন্যায় অত্যাচার করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে প্রশাসন তাদেরকে ছাড় দিচ্ছেন।
তিনি আরো বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা একার পক্ষে সম্ভব নয়।বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান,উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক প্রমুখ।