ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ হতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, ভাঙন কবলিত ও দুর্যোগ কবলিত ৬০ পরিবারের মাঝে সোমবার দুপুরে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ও ত্রাণ মন্ত্রনালয় ক্ষতিগ্রস্থ পরিবারে সহায়তা বাবদ এসব ঢেউটিন ও চেকের মাধ্যমে নগদ অর্থ বরাদ্দ দেন। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সেলিম হোসেন ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী উপস্থিত থেকে দুর্যোগ কবলিত অসহায় পরিবারের মাঝে এসব ঢেউটিন ও চেক বিতরন করেন।
জানা যায়, ওই দিন উপজেলার দুর্যোগ কবলিত প্রতি পরিবারে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরন করা হয়। তবে দু’টি বেশী ক্ষতিগ্রস্থ পরিবারে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরন করা হয়। এতে উপজেলার দুর্যোগ কবলিত ৬০ পরিবারের মাঝে মোট ৬২ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্র জানায়, গত ক’মাসে উপজেলায় অগ্ন্কিান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার, পদ্মা নদীর ভাঙন কবলিত ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থরা কষ্টে জীবন যাপন করছিল। তাদের পূণর্বাসনের লক্ষ্যে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর এসব ঢেউটিন ও চেকের মাধ্যমে নগদ টাকা সহায়তা দেন।