রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ভাগনি হাফসা আক্তার (৮)। তাদের মধ্যে শাহীনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমার ৪৫ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
হাসপাতালে আহতদের নিয়ে আসা শাহীনের সহকর্মী মো. জসিম জানান, শাহীন একটি কাপড়ের দোকানে কাজ করেন এবং পরিবার নিয়ে নতুন বাজার ১০০ ফিট সড়কের ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। এ সময় বাসায় থাকা তিনজনই দগ্ধ হন। বিস্ফোরণের ধাক্কায় ঘরের দেয়ালও ধসে পড়ে বলে জানান তিনি।
জসিমের ধারণা, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ওই বাসায় তিতাসের গ্যাসলাইন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে থাকতে পারে। পরে রান্নার সময় বা অন্য কোনো উৎস থেকে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে।
পরে আশপাশের লোকজন দগ্ধ তিনজনকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং শিশু হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।