২৪ বছর আগে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০১:২৯ পিএম
২৪ বছর আগে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জে ২৪ বছর আগে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সুজন, জুলহাস ও মাহাম্মদ। তাদের মধ্যে সুজন ও মাহাম্মদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর আসামি জুলহাস পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম জর্জ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে আদালত আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী বা তার পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০২ সালের ২২ মার্চ রাত ৮টার দিকে ভুক্তভোগীর ৮ বছর বয়সী ফুপাতো বোন টয়লেটে যেতে চাইলে তিনি তাকে বাড়ির পেছনে পাটকাঠির বেড়ার তৈরি কাঁচা টয়লেটে নিয়ে যান। ফুপাতো বোনকে টয়লেটে বসিয়ে বাড়ির উত্তর-পশ্চিম দিকে যাওয়ার সময় আসামি সুজন পেছন থেকে তাকে মুখ চেপে ধরে বাড়ির পেছনে নিয়ে যায়।

সেখানে আগে থেকেই জুলহাস ও মাহাম্মদ অবস্থান করছিলেন। পরে তারা ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে বোরো ধানক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও তাকে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৮ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন নবাবগঞ্জ থানার উপপরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।

পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের আত্মপক্ষ সমর্থন ও মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারক।

আপনার জেলার সংবাদ পড়তে