বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ১১:২৮ এএম
বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

বহিস্কৃত ছাত্রদল নেতা সঞ্জিব রায় অরূপ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশালের বানারীপাড়া থানার সামনে বিক্ষোভ করেছে তৌহিদী জনতা। শনিবার (২৬ জুলাই) বিকালে তৌহিদী জনতার ব্যানারে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীরা সঞ্জিব রায় অরূপকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের ফেরীঘাট থেকে শুরু করে বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বানারীপাড়া থানার প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মসজিদের সভাপতি ও জামায়াত নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, ইমাম মাওলানা ইলিয়াস হোসেন, পৌর জামায়াতের আমির কাওছার হোসেন, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বিশ্বনবীকে অবমাননাকারী কুলাঙ্গার সঞ্জিব রায় অরূপকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারী দিয়েছেন। এসময় বরিশালের অতিরিক্ত জেলা পুলিশ সুপার আলাউল ইসলাম দ্রুত আইনের আওতায় এনে সঞ্জিব রায় অরূপকে গ্রেপ্তারপূর্বক বিচারের আশ্বাস দেয়ার পর বিক্ষোভকারী মুসল্লীদের তাদের কর্মসূচি সাময়িক সময়ের জন্য স্থগিত করেন। এসময় বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান উপস্থিত তৌহিদী জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক সঞ্জিব রায় অরূপকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব সোহাগ হাওলাদারের নির্দেশক্রমে যুগ্ম আহবায়ক (দপ্তর) সাইফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সঞ্জিব রায় অরূপকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

সূত্রমতে, উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক সঞ্জিব রায় অরূপ মুসলিম জাহানের নয়নের মনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল মন্তব্য করেন। এতে স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার বিকেলে সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট নামক এলাকায় গোপাল মার্কেটের সামনে বসে তার (সঞ্জিব রায় অরূপ) গলায় জুতার মালা পড়িয়ে বাজার ঘুরিয়েছেন। এসময় কটুক্তিকারী সঞ্জিব রায় অরূপ (২৭) স্থানীয়দের তোপের মুখে হাত জোড় করে ক্ষমা চেয়ে নবীকে নিয়ে আর কখনও বাজে মন্তব্য করবে না এবং ভুল হয়েছে মাপ করে দেন বলে ক্ষমা প্রার্থনা করেন। মারধর ও জুতার মালা পড়িয়ে ঘুরানো শেষে ক্ষমা প্রার্থণায় তাকে (অরূপ) তার বাবা শরত রায়ের হাতে ছেড়ে দেওয়া হয়।

নবীর অবমাননায় ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ও ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় শনিবার বানারীপাড়া থানায় সঞ্জিব রায় অরূপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আতিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে