সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ৪

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০১:৫৩ পিএম
সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে নিহত ১, আহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি অংশে সোনারগাঁয়ের সোনাখালী এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে দুমড়ে-মুচড়ে যায় এবং একজন নিহত ও চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামুখি অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক ঘুমের চোখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে দুমড়ে-মুচড়ে নিয়ে খাদে পড়ে যায়। এসময় পথচারী মাহে আলম (৪০) নিহত ও চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই পথচারী আলমের মৃত্যু হয়। এলাকাবাসী আটকে পড়া যাত্রী মোঃ শহিদ, মোঃ আলিনুর, মোঃ টিকা খাঁন ও মোঃ সুরুজ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।নিহত মাহে আলম (৪০) বরিশালের মৃত মজিবুর রহমানের ছেলে। সে উপজেলার সোনাখালী এলাকার বাবরকপুর গ্রামের ভাড়াটিয়া এবং পেশায় রাজমিস্ত্রীর কাজ করতো। খবর পেয়ে হাইওয়ে ও সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ চালায় এবং মহাসড়কের যানজট নিরসনে কাজ করে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে