হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্সের সার্টিফিকেট প্রদান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৩:৫৮ পিএম
হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্সের সার্টিফিকেট প্রদান

বরিশাল কলেজ রোডস্থ মাকসুদা-জহির ফাউন্ডেশন পরিচালিত জালীলুল কুরআন হাফেজী মাদ্রাসায় হাফেজ শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্পোকেন ইংলিশ শর্ট কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

নগরীর সদর রোডের অফিস কক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মামুন-অর রশিদ, বিএম কলেজের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান যুগের চাহিদা পূরণে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাফেজ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। স্পোকেন ইংলিশ শর্ট কোর্সের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন হাফেজ মাওলানা আবদুল্লাহ ইমাম। প্রশিক্ষক (লেকচারার) ছিলেন হাফেজ মাওলানা মো. রায়হান। অনুষ্ঠানে মাকসুদা জহির ফাউন্ডেশনের পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন (অর্থপেডিক) ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে খুব শীঘ্রই কম্পিউটার প্রশিক্ষণ এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে স্বল্পমেয়াদি (শর্ট) কোর্স চালু করার ঘোষণা দিয়েছেন। ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আপনার জেলার সংবাদ পড়তে