নিরাপত্তা নিশ্চিত না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৭:৩২ পিএম
নিরাপত্তা নিশ্চিত না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি। একই সঙ্গে সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামী ৩০ ও ৩১ জুলাই ঘোষিত সিলেটে পদযাত্রা কর্মসূচিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। বুধবার (২৯ জুলাই) সিলেটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ। সংবাদ সম্মেলনে জুনেদ আহমদ বলেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো ধরনের মব সৃষ্টি হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তা করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

তিনি অভিযোগ করেন, সিলেটে সম্প্রতি হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। রাজনৈতিক কর্মসূচি পালন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, কোনো দলের নেতাকর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হবিগঞ্জের বিএনপির রাজনৈতিক নেতা জি কে গউসকে নিয়েও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন জুনেদ আহমদ।

জুনেদ আহমদ জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই সিলেটের কয়েকটি উপজেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলেও দাবি করেন তিনি। এ সময় সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে দলের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের নামও ঘোষণা করা হয়। জেলা পর্যায়ের তালিকায় রয়েছেন এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খান, সিনিয়র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, সামসুল ইসলাম, নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সাদি জামালি এবং সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ। উপজেলা পর্যায়ে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন উসমানীনগর উপজেলার হাজী মোসাহিদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলার উবায়েদ আহমেদ এবং গোয়াইনঘাট উপজেলার মনসুরুল হাসান। এ ছাড়া উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আহ্বায়ক সুমেল মিয়া, উসমানীনগর উপজেলা সদস্য সচিব মনিরুল সাকিব, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সিলেট সদর উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, বিশ্বনাথ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম খলিলুল্লাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক তানজিল আহমদ, সিলেট সদর উপজেলা সদস্য সচিব জাকির হোসেন এবং সিলেট সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম।

আপনার জেলার সংবাদ পড়তে