সংসদে ৫০০ টাকা দৈনিক মজুরি কার্যকরের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৭:৫০ পিএম
সংসদে ৫০০ টাকা দৈনিক মজুরি কার্যকরের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সংসদে আলোচিত চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর, ভূমির অধিকার বাস্তবায়ন এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের দাবিতে সিলেটের কালাগুল চা বাগানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। আজ সকাল ৯টায় কালাগুল চা বাগানে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন শতাধিক চা শ্রমিক। কর্মসূচিতে বক্তব্য দেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, কালাগুল চা বাগানের পঞ্চায়েত সভাপতি রঞ্জু নায়েক, সাধারণ সম্পাদক সন্তোষ রেলি, রবি ছত্রী, রবি বাক্তি, বাতাসি বুনার্জী, লাল মিয়া, আইনা নাহাক, অন্নদা বাড়াইক ও সোহাগ ছত্রীসহ অন্যান্য শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা দৈনিক ৬০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করে আসছেন। সম্প্রতি জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ায় তারা সেটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

শ্রমিক নেতারা বলেন, বর্তমানে চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা, যা দিয়ে একটি পরিবারের ন্যূনতম খাদ্য, শিক্ষা ও চিকিৎসার ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। তাই সংসদে আলোচিত ৫০০ টাকা দৈনিক মজুরি অবিলম্বে কার্যকর করার পাশাপাশি ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির 'গেজেট-২৩' বাতিলের দাবি জানান তারা। এ সময় নেতারা আরও বলেন, প্রায় আট বছর ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় বাগানগুলোতে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে। ফলে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না। তাই দ্রুত ইউনিয়নের নির্বাচন আয়োজন এবং চা শ্রমিকদের ভূমির অধিকার বাস্তবায়নের দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে দেশের সব চা বাগানের শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে