ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। তাঁর জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে মেঘলা মুক্তার বর্তমান পরিস্থিতি জানিয়ে বলা হয়েছে, তিনি একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে এবং অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই কঠিন সময়ে সবাইকে অভিনেত্রীর জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
পোস্টে ভক্ত ও নেটিজেনদের যাচাইহীন কোনো তথ্য বা গুজব ছড়িয়ে না দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অফিশিয়াল পেজের মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২৭ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছিলেন মেঘলা মুক্তা। সেখানে নিজের ভাঙা মুঠোফোনের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকবেন বলেও জানিয়েছিলেন তিনি। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তাঁকে পাওয়া যাবে না এবং জরুরি বা গুরুত্বপূর্ণ প্রয়োজনে সরাসরি ফোনে যোগাযোগ করার অনুরোধ করেছিলেন অভিনেত্রী।
ওই পোস্টের দুই দিনের মাথায় মেঘলা মুক্তার দুর্ঘটনার খবর প্রকাশ্যে এলো। তবে দুর্ঘটনাটি কোথায় বা কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন মেঘলা মুক্তার ভক্ত, অনুসারী ও সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
মডেলিং ও র্যাম্পে কাজের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন মেঘলা মুক্তা। পরে বিলবোর্ড ও গানের ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন থেকেই সিনেমায় পা রাখেন এই অভিনেত্রী।
ভারতের তেলেগু ভাষার সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে প্রথম বড় পরিসরে আলোচনায় আসেন মেঘলা। এরপর দেশের চলচ্চিত্রেও কাজ করেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।
ওটিটি কনটেন্টেও অভিনয় করেছেন মেঘলা মুক্তা। সবশেষে ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
এদিকে অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে মেঘলা মুক্তার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তাই যাচাই ছাড়া কোনো তথ্য বা গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়েছে।