চাঁদপুরে টানা বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত, ভোগান্তিতে শিক্ষার্থীরা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৩:৩৫ পিএম
চাঁদপুরে টানা বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত, ভোগান্তিতে শিক্ষার্থীরা

চাঁদপুরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে শহর ও এর আশপাশের নিচু এলাকা আবারো প্লাবিত হয়েছে। জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। অতিবৃষ্টির কারণে বেহাল দশায় পরিণত হয়েছে গ্রামীন কাঁচা  রাস্তাঘাট। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে গ্রামীণ জনপদের মানুষ।

চাঁদপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৯টা পর্যন্ত) জেলায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

জলাবদ্ধতায় ডুবল দুই প্রাথমিক বিদ্যালয়

বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে চাঁদপুরের নিচু এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছে চাঁদপুর শহরের বড় স্টেশন মাদরাসা রোডে অবস্থিত শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খোঁজ নিয়ে জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় দুটির মাঠ ও যাতায়াতের প্রধান রাস্তা পানির নিচে তলিয়ে যায়। এর ফলে পাঁচ শতাধিক শিশু শিক্ষার্থীর দুঃখ-কষ্টের যেন শেষ থাকে না। হাঁটুসমান পানি পেরিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে গিয়ে প্রায়শই বিপাকে পড়তে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।

স্থানীয়দের দাবি ও দ্রুত সমাধানের তাগিদ

চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত জানান, বৃষ্টি হলেই এই দুটি স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের চলাচলের একমাত্র রাস্তাটি পানিতে ডুবে যায়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার স্থায়ী কোনো সমাধান মিলছে না। শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বিদ্যালয় দুটি ঘেঁষে অন্তত একটি অস্থায়ী চলাচলের রাস্তা বা উচুঁ পাটাতন তৈরি করে দিলে শিক্ষক-শিক্ষার্থীদের এই চরম ভোগান্তি থেকে কিছুটা রেহাই মিলত। স্থানীয় সচেতন মহল মনে করছে, শুধু এই দুই বিদ্যালয়ই নয়, পুরো শহরের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন না করলে বর্ষা মৌসুমে সাধারণ মানুষকে এই ধরণের জলাবদ্ধতার কষ্ট থেকে রক্ষা করা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে-এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

আপনার জেলার সংবাদ পড়তে