নওগাঁর বদলগাছীতে মর্তুজা (৪৫) নামে এক ব্যক্তিকে মুখ-হাত-পা বেঁধে, কোমরে ইট ঝুলিয়ে খালের পানিতে ফেলে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা সদরের হাড়িপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। জানতে পেরে স্থানীয়রা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সোয়া নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাতাজি রোড এলাকার নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার পাশের একটি খালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা মর্তুজাকে হাত-পা ও মুখ বেঁধে এবং কোমরে পাঁচটি ইট বেঁধে ক্যানেলে ফেলে রেখে পালিয়ে যায়। পাশে থাকা একটি ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল শব্দ পেয়ে টর্চলাইটের আলো ফেললে ক্যানেলের ভেতর মর্তুজাকে দেখতে পান। তার চিৎকার ও খবরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।