খুলনার দিঘলিয়ায় মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত ৩ আহত ১ এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (৩১ জুলাই) দিবাগত রাত পৌণে ১০ টার সময় দিঘলিয়া উপজেলার ১ নং গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ পাড়ার জীবন রায়ের বাড়ির সামনে পাকা রাস্তার উপর মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ নিহত, ১ জন আহত হয়। নিহতরা হলেন মোটরসাইকেল চালকের স্ত্রী ফারজানা খাতুন(২২), শালিকা নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের সিরাজুল শেখের কন্যা রুবিয়া খাতুন(১৬) এবং মোটরসাইকেল চালকের শিশু কন্যা মায়মুনা(২)। মোটরসাইকেল চালক নড়াইল জেলার কালিয়া উপজেলার উথালি গ্রামের মঞ্জিল শেখের পুত্র সিহাব শেখ (২৪) আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকটিতে ধান ওভার লোড ছিল। ট্রাক চালক রং সাইডে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক ও হেল্পার দৌঁড়ে পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস এবং গাজীরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ জামিল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তী পদক্ষেপ আইনগত কার্যক্রম চলমান ছিল।