কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সফল অভিযানে বিপুল পরিমাণ প্রানঘাতী ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীনস্থ টহল দল বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির নাম মো. নাসির (৪৫)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদক চোরাচালানের সাথে জড়িত বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ বিজিবি ক্যাম্পের একটি চৌকস বিশেষ আভিযানিক দল রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
সংবাদ ছিল, ভারত থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশ সীমান্তে আনা হচ্ছে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি কৌশলে সটে পড়ার চেষ্টা করলে টহল দল তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরবর্তীতে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৭৫ (এক হাজার নয়শত পঁচাত্তর) পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা গ্রহণ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য লাখ টাকার উপরে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তীতে রৌমারী থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি, এ বিষয়ে বিজিবির জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান, অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ রুখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে সাধারণ মানুষের সহযোগিতার পাশাপাশি বিজিবির এই কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।