বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ থামাতে গিয়ে নিহত স্কুলছাত্র জামিল শেখ (১৬) হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় শাকিল ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে জামিল শেখকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম সোমবার রাতেই শেরপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শাকিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।