সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড় এলাকায় অবস্থিত ব্লিস হাসপাতালে মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরো ভবনটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় শিশু, নারী ও বয়স্কসহ বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সঙ্গে বাইরে থেকে আনা আরও দুটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুন ছড়িয়ে পড়া ঠেকানো গেলেও ভেতরে আটকা পড়া রোগী ও স্বজনদের উদ্ধার করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভবনের অভ্যন্তরে দৃশ্যমানতা কম থাকায় উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানা সম্ভব হয়নি। উদ্ধার কাজের সুবিধার্থে ও সার্বিক নিরাপত্তার স্বার্থে এলাকাটিতে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি তৈরি হয় এবং মহাসড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে ভবনের ভেতর প্রচুর ধোঁয়া জমায় উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইফুজ্জামান জানান, ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে সুনির্দিষ্ট হতাহতের তথ্য জানাতে আরও কিছুটা সময় লাগবে। উদ্ধারকারী দল হাসপাতালের প্রতিটি কক্ষে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে