নীলফামারী জেলা আদালতের ৫ এপিপির পদত্যাগ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ১১:৩৩ এএম
নীলফামারী জেলা আদালতের ৫ এপিপির পদত্যাগ

সরকারের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত, বিচার বিভাগের স্বাধীনতা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মৌলিক মতপার্থক্যের কথা উল্লেখ করে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের ৫ জন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদত্যাগ করেছেন। ৩ আগস্ট তারা নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী সহকারী পাবলিক প্রসিকিউটররা হলেন-অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, অ্যাডভোকেট আবু সুফিয়ান, অ্যাডভোকেট মুজাহিদ ইসলাম শাহ, অ্যাডভোকেট মোরছালিন ইসলাম ও অ্যাডভোকেট জুলফিকার আলী ভুট্টো। জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন,সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে জনগণের সেবা করা এবং অর্পিত দায়িত্ব পালন করা তাদের জন্য গর্বের বিষয় ছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের সঙ্গে মৌলিক মতপার্থক্যের কারণে তারা আর এ দায়িত্বে বহাল থাকতে চান না। পদত্যাগপত্রে আরও বলা হয়, জনগণের প্রত্যাশা অনুয়ায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা তাদের হতাশ করেছে। পাশাপাশি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অগ্রগতি না হওয়া এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান নিয়েও তারা অসন্তোয় প্রকাশ করেন। এ বিষয়ে পদত্যাগকারী সহকারী পাবলিক প্রসিকিউটর ও নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ-সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক শাসনব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে। বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত বিবেকের তাড়নায় সহকারী পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করা তাদের পক্ষে আর সম্ভব নয়। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সাথে এ বিষয়ে জানতে মোবাইলে কথা বলার চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিপ না করায় মতামত নেয়া সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে