পিরোজপুরের জিয়ানগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন
সমাবেশে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মোঃ তৌহিদুল রহমান রাতুল, পিরোজপুর জেলা জামায়াতের নির্বাচন বিভাগীয় সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি কে এম রাহাতুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিবস গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য প্রতীক।
বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছে। তাদের আদর্শ ও স্মৃতি ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবিক চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।