পিরোজপুর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৬, ০৭:৩৮ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৭:৩৮ পিএম
পিরোজপুর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায়  জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জুলাই পিরোজপুর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রেজিস্ট্রার ড. আকতার হোসেনের সভাপতিত্বে ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক রেহানা আক্তার তামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ধারাবাহিকতা তুলে ধরে বলেন, যেকোনো অন্যায়, অনিয়ম ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ অবস্থানই ইতিহাসে পরিবর্তন এনেছে। দুর্নীতি, বৈষম্য ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসমপদ গঠনের মাধ্যমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষ অর্জন করার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় অংশ নিয়ে জুলাইযোদ্ধা মো. ইয়াসিন আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার দুঃসহ অভিজ্ঞতা, চিকিৎসাকালীন নানা প্রতিকূলতা এবং দীর্ঘ পুনর্বাসনের স্মৃতিচারণ করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, কমিপউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা, সেকশন অফিসার নিগার সুলতানা, শিক্ষার্থী নিপা মনি বানু, মনজুর মিসবাহ, আরিফ মন্ডল ও মীর এ কে সাজিদ। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে