মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৭:৫৫ পিএম
মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত

‘জুলাই চেতনায় গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ, গণতন্ত্র, দেশপ্রেম ও জাতীয় ঐক্য বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জুলাই শহীদ বিপ্লবের পরিবার ও যুদ্ধাহত ২জনকে সংবর্ধনা প্রদান সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, পুলিশ পরিদর্শক তদন্ত হাতেম আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, নায়েবে আমির হাফেজ মোঃ আব্দুস সবুর, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওঃ মোঃ হাফিজুর রহমান, এনসিপির উপজেলা সমন্বয়ক কেএম ফয়সাল।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে