নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ (শুক্রবার, ৭ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকার সালাউদ্দিনের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে। দগ্ধদের তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
দগ্ধদের স্বজন ও স্থানীয়রা জানান, সালাউদ্দিনের বাড়ির গ্যাসের লাইনের লিকেজ থেকে ভাড়াটে রাজমিস্ত্রী মাইদুলের ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোরে মাইদুল লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় মারাত্মক দগ্ধ হন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সের শিশু সন্তান মারুফ। আগুনে পরিবারটির ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেলিমের বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ বলে অভিযোগ রয়েছে।
জানা যায় হতাহতদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, যেকোনো ভাবে ঘরটিতে গ্যাস লিকেজ হয়ে জমাট বাঁধে। শুক্রবার ভোরে ঘরের বাসিন্দা মাইদুল যখন লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে যায় তখনি বিস্ফোরণের ঘটনা ঘটে।