ভিন্নরূপে ‘আওয়ারাপান টু’-এর ট্রেলারে ধরা দিলেন ইমরান হাশমি

এফএনএস বিনোদন | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৩:৫৯ এএম
ভিন্নরূপে ‘আওয়ারাপান টু’-এর ট্রেলারে ধরা দিলেন ইমরান হাশমি

১৯ বছর আগের জনপ্রিয় রোম্যান্টিক-অ্যাকশন সিনেমা ‘আওয়ারাপান’-এর কথা নিশ্চয়ই দর্শকের মনে আছে। মোহিত সুরি পরিচালিত সেই কালজয়ী সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইমরান হাশমি। গত বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘আওয়ারাপান টু’-এর শ্বাসরুদ্ধকর ট্রেলার। যেখানে প্রতিশোধের নেশায় মত্ত এক নতুন ইমরানকে দেখতে পেয়েছেন দর্শকরা। এক মিনিট পঁচিশ সেকেন্ড দৈর্ঘ্যরে ট্রেলারটির শুরুতেই দেখা যায় এক অন্ধকার ও বৃষ্টিস্নাত রাত। যেখানে দড়ি দিয়ে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত ইমরান হাশমিকে। এ সময় বডিগার্ড পরিবেষ্টিত হয়ে গাড়ি থেকে নামেন রহস্যময় চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। ঝুলন্ত ইমরানকে উদ্দেশ্য করে শাবানা আজমির সংলাপ ছিল এমন, ‘কী সুন্দর চেহারা। তোমার কি মৃত্যুর সঙ্গে দেখা করার শখ আছে?’ যন্ত্রণার মাঝেও হেসে ইমরান উত্তর দেন, ‘মৃত্যুর সঙ্গে আমার পুরোনো সম্পর্ক। একটি ঋণ আছে, যা আমাকে মেটাতে হবে।’ এরপরই প্রথম সিনেমার জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’-এর আবহে শুরু হয় দ্রুত গতির অ্যাকশন দৃশ্য। ট্রেলারে দেখা যায়, শিবাম পণ্ডিত প্রতিশোধের আগুনে জ্বলছেন এবং নিজের অতীতের স্মৃতিতে তাড়া খেয়ে বেড়াচ্ছেন। কখনো তাকে প্রবল বৃষ্টির মধ্যে খালি গায়ে লড়াই করতে দেখা যায়, আবার কখনো তিনি জনশূন্য রাস্তায় তীব্র গতিতে ছুটছেন বা জেলের ভেতরে ভয়ংকর মারামারিতে অংশ নিচ্ছেন। ট্রেলারের শেষের দিকে তাকে বৃষ্টির মতো গুলি ও রকেট লঞ্চার ছুড়তে দেখা যায়। এত অ্যাকশনের মাঝেও প্রথম সিনেমার মূল আবেগ ধরে রাখা হয়েছে সিক্যুেয়লে, যেখানে শিবাম এখনো তার হারানো প্রেমের স্মৃতিতে কাতর। ট্রেলারটি প্রকাশ করতেই মন্তব্য ঘরে দর্শকেরা হুমকি খেয়ে পড়েছেন। কেউ বলছেন, ‘আওয়ারাপান’ শুধু সিনেমা নয়, আবেগ ও নস্টালজিয়া। আরেক দর্শক ইমরান হাশমির প্রশংসা করে লিখেছেন, ইমরান হাশমির যুগ আবার ফিরল, ব্লকবাস্টার নিশ্চিত। আবার কেউ লিখেছেন, যেন এক নতুন ইমরান হাশমি। একপাশে পুরো বলিউড, আর অন্যপাশে একা ইমরান হাশমি। ট্রেলারে ক্ষণিকের জন্য দেখা মিলেছে দিশা পাটানি, সুবিন্দর ভিকি ও পুরন গাব্বির মতো অভিনয়শিল্পীদের। তবে সিনেমায় তাদের চরিত্র কেমন হবে, তা নিয়ে রহস্যই রাখা হয়েছে। বিশেষ ভাট প্রযোজিত এবং বিলাল সিদ্দিকীর গল্পে ‘আওয়ারাপান টু’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বক্স অফিসে সিনেমাটির লড়াই হবে সানি দেওলের ‘বর্ডার ১৯৪৭’ সিনেমার সঙ্গে।