মতলবে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০২:৪৫ পিএম
মতলবে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) সকালে পৌরসভার নবকলস এলাকার বাইপাস রোড সংলগ্ন লিটন বকাউলের বাড়িতে নতুন ভবনের দ্বিতীয় তলার কাজ করতে গিয়ে লোহার অ্যাঙ্গেল বৈদ্যুতিক তারে লেগে এই মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, মৃত হৃদয় হোসেন জেলার হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে। সে মতলব পৌরসভার নবকলস গ্রামের প্রধানীয়া বাড়ীতে স্ত্রী মনি (২২) নিয়ে ভাড়া বাসায় থাকতো।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে হৃদয় নিচ থেকে বালি উঠানোর কাজ করছিল।   এক পর্যায়ে লোহার অ্যাঙ্গেল ছাদে উঠাতে গেলে পাশে থাকা  বিদ্যুতের  লাইনের তারের সংস্পর্শে আসে। এতে সে গুরুতর বিদ্যুৎপৃষ্ট হয়ে ওখানেই মৃত্যুবরণ করে। পরে মতলব দক্ষিণ থানা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী সোহেল প্রধান ও বিল্লাল প্রধান জানান, বিল্ডিংয়ের পাশে ৩৩ কেভি মূল লাইনটি রয়েছে। এছাড়াও উক্ত কাজের সময় কোন সেফটি ব্যবহার করা হয়নি। এ পর্যন্ত চারজন ঠিকাদার বিদ্যুতের এ লাইনের সমস্যার কারণে কাজ করতে রাজি হয়নি। বাড়ীর মালিক লিটন জোর পূর্বক তাদেরকে কাজে লাগিয়েছে। বিদ্যুৎ লাইনের খুঁটি থেকে ১ফুট দূরত্ব নেই। পৌরসভার ইঞ্জিনিয়ার কিভাবে এটার অনুমোদন দিয়েছে। এমন মৃত্যু কারো কাম্য নয়। আমরা  এলাকাবাসী প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার আশা করছি।

মতলব পৌরসভার উপ-সহকারী প্রকৌশল ফেরদৌস আহম্মেদ জানান, ভবনটিতে পৌরসভার অনুমোদন নিয়েছে কিনা জানার জন্য লোক পাঠানো হয়েছে। পৌরসভার ভবনের অনুমোদনের সময় উভয় পাশে ৩ থেকে ৫ ফুট ফাঁকা রেখে ভবন তৈরী করতে হয়। নিহতের সাথে কাজ করে শ্রমিক পৌরসভার শিলমন্দি গ্রামের জুম্মন বলেন, ঠিকাদার সাইফুলের আওতায় আমরা কাজে আসি। নিহত হৃদয় এক মাস পূর্বে বিয়ে করে। আমরা কাজ না করতে চাইলে ঠিকাদার জোর পূর্বক আমাদেরকে কাজে পাঠিয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বাদীপক্ষ ময়না তদন্ত করতে চাচ্ছে না বিধায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে